ঢাকা | বুধবার, ১৭ জুন ২০২৬,৩ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিমান বিধ্বস, নিহত ১

যুক্তরাষ্ট্রের টেক্সাসের লারেডোর এক মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, বিমানটিতে ছয়জন আরোহী ছিলেন। এদের মধ্যে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী হোসে বায়েজা বলেন, মহাসড়কে থাকা যানবাহনের আরোহীদের মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি বলেন, মহাসড়কে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং অবতরণের সময় একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে কাত হয়ে পড়ে আছে এবং এতে আগুন জ্বলছে।

সূত্র: আসারক আল-আসওয়াত