শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা আছে, এটি আমাদের সম্পদ এবং এটিকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই।
বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা খাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ শতাংশ বাজেট দিয়েছেন যেটাকে আমাদের কার্যকর করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চ শিক্ষা নয় প্রয়োজন কারিগরি শিক্ষাব্যবস্থাও।
‘ডিন অ্যাওয়ার্ড একটা অর্থবহ পুরস্কার’ জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া। আজকে যারা এ পুরস্কার পেলেন তারা অনুপ্রাণিত হলো। একাডেমিক অ্যাক্সিলেন্স থেকে শিক্ষার্থীদের মধ্যে সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা হয়ে কাজ করবে এটি।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন’ উল্লেখ করে তিনি বলেন, অনেকেই শিক্ষা ব্যবস্থায় দুর্বলতা সৃষ্টির চেষ্টা করছে, তবু আমরা কাজ করছি। তারেক রহমানের নেতৃত্বে এবার ক্ষমতায় এসে কাজ করা হচ্ছে। যেন শিক্ষা ব্যবস্থায় কোনো আঘাত না আসে। আমাদের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দিয়েছেন শিক্ষা খাতে। এ কারণেই তিনি এ খাতে ৫ শতাংশ বাজেট রেখেছেন।





