ইতিহাস বদলানোর রাত, আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনা ভেঙে দিল বহুদিনের এক অপূর্ণতা। ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে সেই অভিশাপ ঘুচিয়ে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপ যাত্রা শুরু করল আর্জেন্টিনা।
বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটি তিনটি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিক করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আরেক গোল করলে এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। দি পলের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে করেন চোখধাঁধানো এক গোল। এরপর আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানের ভুলে মেসি নিজের দ্বিতীয় গোলটি পান ম্যাচের ৬০ মিনিটে। ৭৬ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে মেসি আদায় করে নেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।







