অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গ্রামগুলোতে আপনারা কমিটি করে নকল প্রতিরোধ করবেন। এই শিক্ষা মন্ত্রণালয় থেকেই এর যাত্রা শুরু হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ৪-তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা শিক্ষাকে ইনোভেশনের দিকে নিয়ে যেতে যাচ্ছি। শিক্ষাকে আনন্দময়ের জায়গায় নিতে যাচ্ছি। শিক্ষাকে প্রতিযোগিতার দিকে নিয়ে যাবো।
ড. মিলন বলেন, বাংলাদেশে এমন কোনো গ্রাম নেই যে অবসরপ্রাপ্ত ও নারী শিক্ষক নেই। সেই গ্রামগুলোতে আপনারা কমিটি করে নকল প্রতিরোধ করবেন। এই শিক্ষা মন্ত্রণালয় থেকেই এর যাত্রা শুরু হবে। আমি উধাহরণ হিসেবে বলতে চাই আমার উপজেলায় আমি এটা করছি। শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে সামনে রেখে হাইস্কুলগুলোর সভাপতি বানাচ্ছি ওই স্কুলের সাবেক হেডমাস্টার দিয়ে। কলেজগুলোও তেমন। কারণ সাবেক ও বর্তমান হেডমাস্টারের সর্ম্পক অত্যন্ত সুমধুর। যিনি প্রাক্তন হেড মাস্টার ছিলেন তিনি যখন হেড মাস্টার হয়েছেন যিনি এখন হেডমাস্টার হয়েছেন তিনি হয়তো অ্যাসিস্টান্ট হেডমাস্টার ছিলেন। সেই কারণে সাবেকদের দিয়ে কমিটি বানাচ্ছি। তারা দুইজন মিলে প্রতিটা ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করবেন। এই কোচিংয়ের অর্থায়ন করবে সবাই। এই কথাটি বললাম উধাহরণ হিসেবে।
তিনি বলেন, আমরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) মাধ্যমে শিক্ষক নিয়োগ সুপারিশ করা শুরু করেছিলাম ২০০৬ খ্রিষ্টাব্দে। পরে সেটি পরিবর্তন করা হয়েছিলো। এখন এনটিআরসিএ’র শিক্ষক নিয়োগ সুপারিশ করা হচ্ছে।
দূর-দূরান্তে যেসব শিক্ষক রয়েছেন তাদের সফটওয়্যারের মাধ্যমে বদলির ব্যবস্থা শুরু করছি। উই আর অল মোস্ট রেডি। সবকিছু একবারে হয় না, একটু সময় লাগে।





