২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিকে বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একইসঙ্গে সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে নতুন ও পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাবের হোসেন বলেন, রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, তাদের কর্মসূচি কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরির জন্য নয়; বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে এই দাবি উত্থাপন করা হয়েছে।
এসময় তিন দফা দাবি তুলে ধরো হয়। যার মধ্যে রয়েছে — আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়গুলো সংশোধন করতে হবে এবং সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে। পাশাপাশি আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে।
দ্বিতীয় দাবিতে বলা হয়, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিতে হবে এবং চলমান সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় সাত কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে শিক্ষার্থীরা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
তৃতীয় দাবিতে আগামী ৫ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের দাবি জানানো হয়।
দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে৷







