ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লালন শাহের মাজার মাদকমুক্ত করার দাবি আমির হামজার

কুষ্টিয়ার লালন শাহের মাজার এলাকায় মাদকমুক্ত করার দাবি তুলেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ দাবি তোলেন।

সম্পূরক প্রশ্নে আমির হামজা সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে আমির হামজা জানতে চান, কুষ্টিয়ার লালন শাহের মাজার, এটা কি মাদকদ্রব্যমুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কি না। কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম ও মৃত্যু অনুষ্ঠানে তিন দিন করে ছয় দিন, এখানে যে সমস্ত অনৈতিক এবং সংস্কৃতির নামে যে সমস্ত কাজগুলো হয়, সেগুলো বন্ধে কোনো উদ্যোগ মন্ত্রীর আছে কি না।

জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শুধু কুষ্টিয়ার লালন শাহের স্মৃতিবিজড়িত এই এলাকায় নয়, সারা দেশকেই মাদকমুক্ত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশকে আমরা মাদকমুক্ত করতে চাই। এবং মাদকমুক্ত করার জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে।

মাদক নির্মূলকে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করে মন্ত্রী বলেন, মাদকমুক্ত তখনই হবে, যখন একটা সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়ে থাকে।

নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশে গত ১৮ বছর যে ঘন অন্ধকার যুগ গেছে, এই অন্ধকার যুগে মাদক ব্যাপক বিস্তার লাভ করেছে। অনেক সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক নেতা—তারা পর্যন্ত এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এভাবে শিক্ষা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য সব কিছু ধ্বংস করে দিয়ে একটা অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল।

মন্ত্রী বলেন, সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে বর্তমান সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে।

সংস্কৃতিমন্ত্রীর ভাষায়, সেই যুগের অবসান ঘটিয়ে আমাদের সরকার, একটা নতুন বাংলাদেশ গড়ার নবজাগরণ আনতে চাই। এভাবে আমরা শুধু কুষ্টিয়া নয়, সারা বাংলাদেশের তরুণ সমাজকে অন্ধকার যুগ থেকে নিয়ে এসে অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিতে চাই।