শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করতে প্রস্তাবিত শিক্ষা কাঠামোতে আসছে নতুন মডেল। মন্ত্রী বলেন, প্রস্তাবিত শিক্ষা কাঠামো অনুযায়ী একাডেমিক জ্ঞান ৪০ শতাংশ, প্র্যাকটিক্যাল ও প্রফেশনাল দক্ষতায় ৩০শতাংশ, ইন্টার্নশিপ ২০ শতাংশ, ফিল্ডওয়ার্ক ও প্রজেক্টভিত্তিক ইন্ট্রাপ্রেনারশিপ শিক্ষায় ১০ শতাংশ থাকবে।
রোববার (৭ জুন) ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শুধু ডিগ্রি অর্জন নয়, বরং দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ তৈরি হবে। এ লক্ষ্যেই এই কাঠামো প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এ কাঠামোয় একাডেমিক শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং সফট স্কিলকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, শুধু গ্র্যাজুয়েট তৈরি করলেই হবে না, বরং স্কিলভিত্তিক ও কর্মদক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। এ কারণে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) খাতের সম্প্রসারণ এবং মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
ড. মিলন বলেন দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। উচ্চশিক্ষার এই বিস্তৃত খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ক্রস-বর্ডার এডুকেশন, গবেষণা সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে। বিশ্বায়নের এ যুগে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে হবে।
শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি এবং আন্তরিকতার সঙ্গে এ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশকে একটি দক্ষ, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক জাতিতে পরিণত করা সম্ভব হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, আমাদের গোল শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়; আমরা চাই কর্মক্ষম স্কিল বেজড এডুকেশন দিয়ে জাতি গঠন। দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি এই শিক্ষাকে সবথেকে বেশি ভালোবাসতেন, আমরা কাজ করেছিলাম।
আমাদের ইউজিসি সিস্টেম থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনের হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব।








