লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। তেহরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা বার্তা আদান-প্রদান বন্ধ রাখা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান।
ইরানের আলোচক দল জানিয়েছে, লেবানন ও গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা পুনরায় শুরু করা হবে না। তেহরানের দাবি, হিজবুল্লাহর ওপর চালানো হামলাগুলো গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এই কারণে তারা আলোচনায় অংশগ্রহণ আপাতত বন্ধ রেখেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন ও গাজায় হামলা তীব্র করেছে ইসরাইল। দেশটি লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে।
এমন পরিস্থিতির মধ্যেই সর্বশেষ ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে হামলার নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশের খবর প্রকাশিত হওয়ার পরেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সর্বশেষ এই বার্তা দিলো।





