ঢাকা | শুক্রবার, ২৯ মে ২০২৬,১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের পদযাত্রা শুরু

প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার দাবিতে পূর্ব ঘোষিত পদযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই পদযাত্রা শুরু করেন শিক্ষকরা।

কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছে। দেশের সব মাদরাসায় গত রোববার থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটির পর ১৪ জুন থেকে পুনরায় এ প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষ খুলবে। ঈদের এ ছুটির মধ্যেই ইবতেদায়ি মাদরাসাগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করলেন শিক্ষকরা।

ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে যে শিক্ষাব্যবস্থা রয়েছে, সেই আলিয়া মাদরাসা পদ্ধতিতে পঠন-পাঠন হয় ইবতেদায়ি মাদরাসায়। প্রাথমিক বিদ্যালয়ের সমমান এই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের গোড়াপত্তন হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দে।

মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের তথ্যানুযায়ী, দেশে অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন।