ঢাকা | রবিবার, ২৪ মে ২০২৬,১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সংকটে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত

ব্রাহ্মণবাড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের তীব্র সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। জেলার প্রায় ৩৫ ভাগ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ঘাটতিও গড়ে ৭ ভাগ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১ হাজার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩৯৭টিতে প্রধান শিক্ষক নেই এবং সহকারী শিক্ষকের ৪৭৭টি পদ শূন্য রয়েছে। সব বিদ্যালয়ে ১ হাজার ১০৫ জন প্রধান শিক্ষক ও ৬ হাজার ৫৭৭ জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে প্রধান শিক্ষক আছেন ৭০৮ জন এবং সহকারী শিক্ষক আছেন ৬ হাজার ১০০ জন।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, সদর উপজেলায় ১২৯টির মধ্যে ৫৪টিতে, নবীনগরে ২১৯টির মধ্যে ৯০টিতে, কসবায় ১৬৩টির মধ্যে ৪৮টিতে, সরাইলে ১২৬টির মধ্যে ৪৯টিতে, বাঞ্ছারামপুরে ১৩৯টির মধ্যে ৩৬টিতে, আখাউড়ায় ৫৪টির মধ্যে ১৯টিতে, নাসিরনগরে ১২৬টির মধ্যে ৩৩টিতে, আশুগঞ্জে ৪৯টির মধ্যে ২২টিতে এবং বিজয়নগরে ১০০টির মধ্যে ৪৬টিতে প্রধান শিক্ষক নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয় চালাতে গিয়ে পাঠদান কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাসিরনগর উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে মাত্র পাঁচজন শিক্ষক নিয়ে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।

আখাউড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মো. জহিরুল ইসলাম ভূঞা বলেন, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ায় উপজেলার ১৯টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকরাই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান বলেন, সহকারী শিক্ষক পদে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক পদেও নিয়োগ দেওয়ার কার্যক্রম চলছে।

সূত্র: ডেইলি সান