ঢাকা | বুধবার, ২০ মে ২০২৬,৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘চলতি বাজেটেই ডিপিপি পাস হবে, গবেষণায় আসবে বড় প্রকল্প’: জাবিপ্রবি উপাচার্য

চলতি বাজেটেই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) পাস হবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসাইন ভূঁইয়ান। একইসাথে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও আইসিটি খাতে বড় ধরনের সরকারি প্রজেক্ট আনার ঘোষণাও দেন।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আয়োজিত রিসার্চ সেলের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও গবেষণার উন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “আমি আপনাদের কথা দিচ্ছি, এই বাজেটেই আপনাদের ডিপিপি পাস হবে এবং টাকাও পাবেন। এটি নিশ্চিত করে তবেই আমি অন্য চিন্তাভাবনা করব। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাব।”

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের গবেষণার (কিউ১, কিউ২ জার্নাল) প্রশংসা করে উপাচার্য জানান, এই সফলতার ওপর ভিত্তি করে কীভাবে বড় সরকারি বরাদ্দ বা প্রকল্প আনতে হয় তা তাঁর জানা আছে। তিনি উল্লেখ করেন, আইসিটি মন্ত্রণালয়ে প্রস্তাব দিলে ৫ থেকে শুরু করে ১০০ কোটি টাকার প্রকল্পও আনা সম্ভব।

​তবে তিনি প্রকল্পের আবেদন ব্যক্তিগত নামে না করে প্রাতিষ্ঠানিকভাবে করার পরামর্শ দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ব্যক্তিগত নামে আবেদন করলে প্রকল্প না-ও আসতে পারে। এর বদলে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল বা নতুন কোনো সেন্টারের মাধ্যমে উপাচার্যের সুপারিশসহ প্রকল্প জমা দেওয়া হলে সরকার সেটিকে প্রতিষ্ঠানের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

বিশ্ববিদ্যালয়টি প্রান্তিক এলাকায় অবস্থিত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা মর্মাহত হবেন না যে গ্রামে আসলাম, কী হবে। আপনাদের প্রাপ্য পাওনা অনেক বেড়ে যাবে।” বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রীরা সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে এখন থেকে প্রতি সপ্তাহে একটি করে কর্মশালা আয়োজনের ঘোষণাও দেন উপাচার্য।

এর আগে, জাবিপ্রবি রিসার্চ সেলের উদ্যোগে “ইমপ্যাক্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড হাউ টু রাইট রিসার্চ আর্টিকেল” শীর্ষক এই সেমিনারটি শুরু হয়।

রিসার্চ সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবির। তিনি কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও উন্নতমানের গবেষণা প্রবন্ধ লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমগ্র অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও সঞ্চালনা করেন রিসার্চ সেলের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আমিমুল ইহসান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।