শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পান। তবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এসব শিক্ষার্থীদের থেকেও বেতনের টাকা আদায় করে থাকেন। এখন থেকে শিক্ষার্থীদের কাছে থেকে মাসিক বেতন নিলে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রোববার (১৭ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। নির্দেশনা যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানদেরকে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুদান প্রাপ্ত ও শিক্ষাবোর্ডের অধিভুক্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত ছাত্র বা ছাত্রীর থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবেন না। বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি ভঙ্গের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এতে আরো বলা হয়েছে, সব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোন শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে মাসিক বেতন দাবি করলে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।





