ঢাকা | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬,৩১ বৈশাখ ১৪৩৩

তারেক রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন জানালেন আসিফ নজরুল

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছাত্রত্ব নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ’নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনই বিষয়টা জানতাম আমি।

আসিফ নজরুল লেখেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের সহপাঠী ছিলেন।

সবশেষ তিনি লেখেন, তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাবির পড়াশোনা বন্ধ হয়ে যায়।