ইন্টার মায়ামির সর্বশেষ ম্যাচে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ১০০টি দ্রুততম গোল-অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকা এবার জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোলে অ্যাসিস্ট করেছেন। যাতে ভর করে থ্রিলার ম্যাচে এফসি সিনসিনাতিকে ৫-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মায়ামি। যদিও সিনসিনাতি ৬৪ মিনিট পর্যন্ত ৩-২ গোলে এগিয়ে ছিল।
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে তিন গোলে অবদান রাখলেন মেসি। এদিন (বৃহস্পতিবার) তিনি অবশ্য হ্যাটট্রিকও পেতে পারতেন। ৮৮ মিনিটে হওয়া ম্যাচের সর্বশেষ গোলে মেসির প্রচেষ্টা বারে লেগে ফেরার পর, সিনসিনাতি গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমে সেটিকে মেসির গোল হিসেবে দেখালেও, পরে এমএলএস কর্তৃপক্ষ আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়েছে।
এখন পর্যন্ত এমএলএসের চলতি মৌসুমে ১২ গোল নিয়ে টপ স্কোরারের তালিকায় তিনি দুইয়ে আছেন। এ ছাড়া পেশাদার ক্যারিয়ারে ৯১০ গোল এবং ৪১১টি অ্যাসিস্ট হয়ে গেল বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। প্রতিপক্ষ সিনসিনাতির মাঠ টিকিউএল স্টেডিয়ামে বড় নিশ্চিতের পথে সবদিক থেকেই আধিপত্য ছিল মায়ামির। প্রায় ৫৪ শতাংশ পজেশনের পাশাপাশি ১৭ শটের মধ্যে ৬টি তারা লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে স্বাগতিকদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

ম্যাচটিতে গোলের সূচনাও করেছেন মেসি। ২৪তম মিনিটে তার গোলে ইন্টার মায়ামি ১-০ ব্যবধানে এগিয়ে যায়। সিনসিনাতির ডিফেন্ডার ম্যাট মিয়াজগা বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে মেসির দিকে ঠেলে দেন, যা এক টোকায় জালে জড়ান মায়ামি অধিনায়ক। ৪১তম মিনিটে কেভিন ডেনকির পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাতি। ৪৯তম মিনিটে পাভেল বুচার গোলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে কাটব্যাক শটে গোল করে স্কোরলাইন ২-২ করেন মেসি।
৬৪তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে সিনসিনাতিকে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে দেন এভান্ডার। তবে এরপর ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল করে মায়ামি। প্রথমে মাতেও সিলভেট্টির গোলে সমতার পর সেট-পিস থেকে সফরকারীরা এগিয়ে যায়। এ সময় সিনসিনাতির আন্দ্রেই চিরিলা নিজেদের গোলরক্ষক রোমান সেলেন্তানোর সঙ্গে শারীরিক সংঘাত হওয়ার সুযোগে বল পেয়ে ফাঁকা জালে পাঠাতে ভুল করেননি জার্মান বারতেরামে।
৮৯তম মিনিটে মেসির শট পোস্টে লেগে সেলেন্তানোর গায়ে লেগে জালে ঢুকলে প্রথমে সেটিকে মেসির হ্যাটট্রিক গোল হিসেবে ধরা হয়েছিল। তবে ম্যাচ শেষে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে সংশোধন করা হয়। গোলটি মেসির নামে থাকলে সেটি সব প্রতিযোগিতা মিলিয়ে তার ৬১তম হ্যাটট্রিক হতো। মেসি এখন পর্যন্ত নিয়মিত মৌসুমের ৬৫ ম্যাচে ৬১ গোল ও ৪২ অ্যাসিস্ট করেছেন।





