ঢাকা | রবিবার, ১০ মে ২০২৬,২৭ বৈশাখ ১৪৩৩

মাভাবিপ্রবির টেক্সটাইল বিভাগে ইন্ডাস্ট্রি লিডারদের নিয়ে ভাইবা ও ক্যারিয়ারভিত্তিক সেশন অনুষ্ঠিত


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাইভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভাগে একটি সংক্ষিপ্ত ক্যারিয়ারভিত্তিক সেশনের আয়োজন করা হয়, যেখানে দেশের স্বনামধন্য টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল স্পিনিং মিলস লিমিটেড -এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইঞ্জি. মো. মোমিনুল মতিন (তুষার), মন্ডল ফেব্রিকস লিমিটেড -এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডাইং) মো. সোহাইনুর রহমান এবং এমকেএস ডেভো কেমিক্যালস-এর কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মো. আবু জামির আলো।

‎ব্যস্ত সময়সূচির মধ্যেও অতিথিরা ভাইভা বোর্ডে অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্পখাতের বর্তমান চাহিদা, প্রযুক্তিগত দক্ষতা, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তাদের মূল্যবান পরামর্শ ও উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

‎বিশেষভাবে উল্লেখযোগ্য যে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে এটিই প্রথম ইন্টার্নশিপ ভাইভা, যেখানে শিল্পখাতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা সরাসরি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মূল্যায়ন ও দিকনির্দেশনা প্রদান করেছেন। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে বিভাগের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

‎অনুষ্ঠানে বিভাগের সম্মানিত পরীক্ষা কমিটি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার, সহযোগী অধ্যাপক মো. রোকুনুজ্জামান, প্রভাষক মো. আব্দুল্লাহ আল রাকিব শিকদারসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা। এছাড়াও ডুয়েটের অধ্যাপক ড. শাহজাহান উপস্থিত ছিলেন।

‎এদিকে বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক সরাসরি উপস্থিত না থাকলেও আয়োজন সফল করতে তাঁর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, সার্বিক সহযোগিতা ও অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়।

‎শিক্ষার্থীরা জানান, বিভাগের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলেই প্রথমবারের মতো ইন্টার্নশিপ ভাইভায় শিল্পখাতের খ্যাতনামা প্রযুক্তিগত নেতৃত্বের সামনে নিজেদের কারিগরি জ্ঞান ও দক্ষতা উপস্থাপনের সুযোগ তৈরি হয়েছে, যা তাদের জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।

‎অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন টেক্সটাইল ক্লাব মাভাবিপ্রবির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাকিব। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।