ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান; ফিফা সভাপতির ঘোষণা

২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর পাশাপাশি নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলা হবে বলে জানিয়েছেন তিনি। ফিফা কংগ্রেসের উদ্বোধনী বৈঠকে এ কথা বলেন ফিফা সভাপতি।

বুধবার (২৯ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, ফিফা কংগ্রেসে অংশ নিতে যাওয়া ইরানের প্রতিনিধি দলকে কানাডায় প্রবেশ করতে দেয়া হয়নি। ইরানি গণমাধ্যমগুলো দাবি করে, এফএফআইআরআই সভাপতি মেহদি তাজসহ আরও দুই কর্মকর্তা কানাডার অভিবাসন কর্তাদের অপমানজনক আচরণের শিকার হয়ে দেশে ফিরে গেছেন।

ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে উল্লেখ করেছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। শেষ পর্যন্ত ইরানের দুই প্রতিনিধি কানাডায় প্রবেশের অনুমতি পেলেও আরেক সদস্যকে ফিরিয়ে দেয়া হলে তারা কংগ্রেসে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেন। এতে পুনরায় ইরানের বিশ্বকাপে অংশ নেয়া নিয়ে শঙ্কা দেখা দিলেও ইনফান্তিনোর মন্তব্যে সেই অবস্থা অনেকটাই দূর হয়েছে। আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।