ঢাকা | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬,১৫ বৈশাখ ১৪৩৩

রাব্ব হত্যা মামলায় ২ আসামির জামিন, আইনজীবীর কার্যালয় ভাংচুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাব্বি হত্যা মামলার দুই আসামির জামিনকে কেন্দ্র করে মাগুরায় দুই আইনজীবীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাগুরা শহরের জেলাপাড়া এলাকায় ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ লাঠিসোটা নিয়ে এসে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে আইনজীবী হাবিবুর রহমানের কার্যালয়ে ভাঙচুর চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট পারনান্দুয়ালী এলাকায় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। এ ঘটনায় নিহতের ভাই ইউনুস আলী ১৩ আগস্ট রাতে মাগুরা সদর থানায় সাবেক দুই সংসদ সদস্যসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে আইনজীবী মো. উজ্জ্বল হোসেন বলেন, তিনি এ বিষয়ে তেমন কিছু জানেন না। হাইকোর্ট থেকে এক আসামির জামিন হয়েছে এবং তিনি শুধু বেলবন্ডে (জামিননামা) স্বাক্ষর করেছেন। তার এক সহকারীর আত্মীয় হওয়ায় মামলার ৯ নম্বর আসামি হেদায়েত কুরাইশের বেলবন্ড সামনে আনা হলে তিনি তাতে সই করেন। এর বাইরে তিনি কিছু জানেন না। পরে তিনি শুনেছেন, এ কারণেই তার কার্যালয়ে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে আইনজীবী হাবিবুর রহমান জানান, বেলা দেড়টার দিকে ২০ থেকে ৩০ জন ব্যক্তি হঠাৎ এসে ২ থেকে ৩ মিনিটের মধ্যে তার চেম্বারে ভাঙচুর চালায়। এতে টেবিল, চেয়ার, আলমারি ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, তার মক্কেল রাব্বি হত্যা মামলার আসামি আজিম প্রায় দুই মাস আগে জামিন পেয়েছিলেন। আজিমের আগের জামিন এবং আইনজীবী উজ্জ্বল হোসেনের মক্কেল হেদায়েত কুরাইশের সাম্প্রতিক জামিনকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, কারা এই ভাঙচুর চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।