ঢাকা | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬,১৪ বৈশাখ ১৪৩৩

ইবির তিন শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ, থানায় মামলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও এক ছাত্রকে মারধরের অভিযোগে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়েছে। শনিবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীরা বাদী হয়ে এ মামলা করেছেন বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এরআগে গত শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের। মামলায় হাসিবুর রহমান (২০), সোহেল আহম্মদ (২১), খন্দকার সাব্বির (২০) ও মাশরাফি আলম প্রাপ্পো নামে চারজনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

মামলার অভিযোগ অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুই ছাত্রী তাঁদের বন্ধুদের সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এসময় অভিযুক্তরা তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ও কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদ করলে তারা বেপরোয়া হয়ে ওঠেন এবং দলবদ্ধভাবে দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালান। প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থী শাকিল জিমকে মারধর করে তারা। পরে একপর্যায়ে অভিযুক্তরা ওই শিক্ষার্থীদের ঘিরে ধরে ভিডিও ধারণ করেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেও অভিযুক্তরা বেপরোয়া আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া অভিযুক্তরা ওই শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও মিথ্যা ও বিভ্রান্তিকর ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেন বলে অভিযোগ করেন তারা।

মামলার বাদী ও ভুক্তভোগী ছাত্রী ইশমাম হোসেন তন্দ্রা বলেন, সেদিন আমি আমার স্বামীসহ কয়েকজন বন্ধুকে নিয়ে ঝিনাইদহে গিয়েছিলাম। শহীদ মিনারে ক্যাম্পাস বাসের জন্য অপেক্ষা করার সময় এ ঘটনা ঘটে। আমরা চাই, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের মানহানিকর ভিডিও ও কনটেন্ট অপসারণে সহায়তা করা হোক।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার দিন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভুক্তভোগীরা মামলা করেছেন। এজাহার পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।