ঢাকা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,১২ বৈশাখ ১৪৩৩

পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, তরুণ গ্রেপ্তার

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযোগে নিশাদ ইসলাম (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নিশাদ দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে তিনি প্রতিমন্ত্রীর নামে বিভ্রান্তিকর ও চরম মানহানিকর মন্তব্য লেখেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করে। তবে পোস্টটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত নিশাদ তার আইডি থেকে সেটি সরিয়ে ফেলেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাকস্বাধীনতায় বিশ্বাস করে। কিন্তু বাকস্বাধীনতার নামে কোনো দায়িত্বশীল ব্যক্তি বা অভিভাবককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সামাজিক শিষ্টাচার বহির্ভূত। প্রতিমন্ত্রীর মতো একজন সম্মানিত ব্যক্তিকে নিয়ে এমন আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছে।

পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু বিচার দাবি করছি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।