ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জবিতে জকসুর ব্যতিক্রমী আয়োজন: ৩০০ শিক্ষার্থী পাবেন ফ্রি আইইএলটিএসের সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। জকসুর আয়োজনে অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬”-এ ৩০০+ জন শিক্ষার্থীকে ফ্রি আইইএলটিএস (IELTS) করার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে “ওয়ান-টু-ওয়ান ফ্রি কাউন্সেলিং”-এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হয়।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিদেশে উচ্চশিক্ষা নিয়ে তাদের নানা প্রশ্ন ও সংশয় দূর হয়েছে। বিশেষ করে ফ্রি কাউন্সেলিং সেশনটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে বলে তারা মনে করেন। তবে কিছু শিক্ষার্থী পর্যাপ্ত বুথের অভাবের কারণে পরামর্শ নিতে বিড়ম্বনায় পড়ার কথাও উল্লেখ করেন। ভবিষ্যতে আয়োজনটি আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে আন্তর্জাতিক মানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সেজন্যই আমরা ৩০০ জন শিক্ষার্থীর জন্য ফ্রি আইইএলটিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) বলেন, “শুধু আইইএলটিএস নয়, আমরা শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করছি—কোন দেশে কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে স্কলারশিপ পাওয়া যায় এসব বিষয়ে হাতে-কলমে সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে জকসু সবসময় পাশে থাকবে।”

এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনায় সহযোগিতা করে আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান এডুম্যাক্স কনসালটেন্সি। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।