নেপোটিজম (স্বজনপ্রীতি), ফেভারিটিজম (পক্ষপাতিত্ব) এড়াতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা এআই সিস্টেমে নেয়ার চিন্তার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার খাতা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাছ থেকে ওএমআর শিটগুলো প্রক্রিয়াকরণ করছি, যেনো এখানে কোনো রকম দুর্নীতির সুযোগ যেনো না হয়। ম্যানেজমেন্ট কমিটি আগে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিতো। এখন এটা আমরা দিচ্ছি যেনো এই জায়গায় ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু না হয়।
এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে মন্ত্রী আরো বলেন, আমাদের উপদেষ্টা বলেছেন, প্রশ্নপত্র আগের সরকার করেছে, ডিস্ট্রিবিউশন বিগত সরকার করছে, এই ডেটও বিগত সরকার করেছে। আমরা শুধু পরীক্ষা কনডাক্ট করছি। এখন আমরা প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা আছে কিনা, সচল না অচল এগুলো সব তথ্য নিয়েছি।





