ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

পরবর্তী এসএসসি পরীক্ষা ডিসেম্বরে শুরু করার চিন্তা করছে শিক্ষামন্ত্রী

দেশে পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বরে শুরু করার চিন্তা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এতে করে শিক্ষার্থীদের সময় নষ্ট হবে না। জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে কোর্স শেষ হয়। কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়েছে। কোর্স শেষ হওয়ার কথা ডিসেম্বরে। যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে আমি শিক্ষার্থীদের জীবনের একটা বছর কেন নষ্ট করব?

সাংবাদিকেরা আবারও জানতে চান আগামী এসএসসি পরীক্ষাটি কি তাহলে ডিসেম্বরে হবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয়, সেই সময়ে হবে। প্রত্যেক পরীক্ষার কোর্স শেষ হবে ডিসেম্বরের মধ্যে, পরীক্ষা হতে হবে ডিসেম্বরের মধ্যে, লাউড এন্ড ক্লিয়ার।

এ সময় আগামী জুলাই মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্য উল্লেখ করে আরেক সংবাদকর্মী জানতে চান, এত অল্প সময়ে বোর্ড দুটো পাবলিক পরীক্ষা নিতে পারবে কিনা। এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমার কনসার্ন বোর্ড নয়, শিক্ষার্থীরা। সিলেবাস ডিসেম্বরে শেষ হলে আমরা শিক্ষার্থীদের একটা বছর নষ্ট করতে পারি না।

এপ্রিলে ঘোষণা দিয়ে ডিসেম্বরে পরীক্ষা, কোর্স শেষ করা সম্ভব কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে। যেটুকু ব্যত্যয় ঘটেছে, সে জন্য ক্লাস সপ্তাহে ছয় দিন নেওয়া হচ্ছে। তিনি আবারও ডিসেম্বরে কোর্স শেষ হওয়ার কথা উল্লেখ করেন। তবে স্পষ্ট করে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা বলেননি তিনি।