বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়-এ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, চারুকলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ আলী এবং প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় চারুকলা চত্বর থেকে শুরু হয় ঐতিহ্যবাহী ‘বৈশাখী শোভাযাত্রা’। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং এতে উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
বর্ষবরণ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ক্রীড়া ও খেলাধুলা বিভাগ শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজন করে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘মেঠো খেলা’। অনুষ্ঠানে রাকসু সভাপতি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার উপস্থিত ছিলেন। আয়োজনে সভাপতিত্ব করেন ক্রীড়া সম্পাদক মোছা. নার্গিস খাতুন।
এদিন সন্ধ্যায় শহিদ মিনার মুক্তমঞ্চে রাকসুর সাংস্কৃতিক বিভাগের আয়োজনে ‘লোকসুরে নববর্ষ’ শীর্ষক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ উদ্যাপন করে।









