ঢাকা | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬,১০ বৈশাখ ১৪৩৩

নদী ও জলাশয় দখলমুক্ত করে খাল খনন শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের যে সকল নদী খনন দরকার এবং যেসব জলাশয় দখল রয়েছে সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। একই সঙ্গে সাধারণ মানুষ ও প্রশাসনসহ কিছু মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ বিষয়ক আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ৮১ সাল পর্যন্ত প্রায় ২ হাজার এর বেশি মাইলের যে খাল খনন করেছিলেন, সেই খাল খনন কর্মসূচিকে আবারও আগামী ১৫ দিনের মধ্যে সামনে আনা হবে। একই সঙ্গে আবহাওয়া ও পরিবেশের বিষয়টি বিবেচনায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিও করা হবে বলে জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে জেলার সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।