প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছে। আজ শনিবার সন্ধ্যায় কয়েকটি গণমাধ্যমে তিনি দেশ ছেড়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে আজ রাতে ফয়েজ আহমেদ তৈয়্যবের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। পরে খুদে বার্তায় তিনি লেখেন, ‘৯ ও ১০ তারিখে অফিস থেকে বিদায় নিয়েছি। ফরমালি (আনুষ্ঠানিকভাবে) মন্ত্রণালয় থেকে বিদায় দেওয়া হয়েছে।’
দেশ ছেড়েছেন কি না এমন প্রশ্ন করলে ফয়েজ আহমেদ কোনো উত্তর দেননি। অবশ্য ফয়েজ আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি আজ শনিবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগ করেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফয়েজ আহমেদ তৈয়্যবকে ওই বছর নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত হন তিনি।
অন্তর্বর্তী সরকার নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে শিগগিরই বিদায় নেবে। নতুন সংসদের সংসদ সদস্যদের শপথ হতে পারে আগামী মঙ্গলবার। বিএনপি একাই ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করছে।
২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শেষ হওয়ার আগেই একটি প্রকল্পে যন্ত্রপাতি কেনার তোড়জোড় করা এবং দুদককে প্রভাবিত করার অভিযোগ ওঠে ফয়েজ আহমেদ তৈয়্যবের বিরুদ্ধে।






