বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির রংপুরের দুর্গ বা ঘাঁটিতে ভোট বোম্বিং করে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতীয় পার্টি সারাদেশে ১৯৬টি আসনে নির্বাচন করে একটি আসনেও জয়লাভ করতে না পারায় দলের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক নানা জল্পনা কল্পনা চলছে।
ভোটের মাঠে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা ও শক্ত অবস্থান সৃষ্টি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার ২২টি সংসদীয় আসনের মধ্যে ১৮টি আসনে জয়লাভ করেছে জামায়াত ও ১১ দলীয় জোট। সাবেক রাষ্ট্রপতি ও জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ যে জেলার মাটিতে শায়িত আছে সেই রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১টি জামায়াত জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জয়লাভ করেছেন। ৬টি আসনের মধ্যে রংপুর-১ আসনের প্রার্থী বাতিল হওয়ার কারণে জাপার প্রার্থী শূন্য হয়ে যায়। জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ ৫টি আসনের প্রার্থীরা শোচনীয় ভাবে পরাজয় বরণ করেছেন। নীলফামারী জেলার ৪টি আসনের মধ্যে ৪টিতে জামায়াত প্রার্থী নির্বাচিত হয়েছে।
গাইবান্ধার জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে জামায়াত প্রার্থীরা বিজয়ী হয়। আরেকটি আসনে বিএনপি জয়লাভ করে। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তৃতীয় স্থানে অধিকার করে শোচনীয় ভাবে পরাজয় বরণ করেছেন। কুড়িগ্রাম জেলার ৪টি আসনের মধ্যে ৩টিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১টি জামায়াত জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী জয়লাভ করেছেন। লালমনিরহাট জেলার ৩টি আসনের মধ্যে ৩টিতে বিএনপি বিজয়ী হন। বৃহত্তর রংপুর জেলার ২২টি আসন জাপার ঘাঁটি নামে খ্যাত হলেও ১টি আসনেও বিজয়ী হওয়াতো দুরের কথা নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেনি।
এমন কি পার্টির চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় স্থান অধিকার করেছেন। দলের অন্য প্রার্থী নিজ দুর্গে তৃতীয় বা চতুর্থ স্থানে রয়েছে। অথচ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ দীর্ঘ ৯ বছর দেশ শাসনের পর ১৯৯০ সালে ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করেন। ক্ষমতা হারানোর পর, জেল থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৭টি আসনে নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টি। এ নির্বাচনে জাপা সারা দেশে ৩৫টি আসনে জয়লাভ করেছিল। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন করে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৯টি আসনে নির্বাচিত হয়েছিল জাপা।
এ নির্বাচনে জাপা সারা দেশে ৩২টি আসনে জয়লাভ করেছিল। ৮ম জাতীয় সংসদ নির্বাচন করে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১৩টি আসনে নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টি। সেই নির্বাচনে জাপা সারা দেশে ১৪টি আসনে জয়লাভ করে। ৯ম জাতীয় সংসদ নির্বাচন করে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ১১টি আসনে নির্বাচিত হয়েছিল জাপা। এ নির্বাচনে জাপা সারা দেশে ২৭টি আসনে জয়লাভ করে। ১০ম জাতীয় সংসদ নির্বাচন করে বৃহত্তর রংপুরের ২২টি আসনের মধ্যে ৮টি আসনে নির্বাচিত হয়েছিল জাতীয় পার্টি।
এ নির্বাচনে জাপা সারা দেশে ৩৪টি আসনে জয়লাভ করেছিল। জাতীয় পার্টির ঘাঁটি নামে পরিচিত রংপুর এখন ফেটে চৌচির। পতিত আওয়ামী লীগের ফাঁদে পড়ে জাপার ঘাঁটি খ্যাত রংপুর অঞ্চলের সংসদীয় আসনগুলো জাতীয় পাটির হাত ছাড়া হতে শুরু করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার সেই ঘাঁটিতে ১টি আসনেও জয়লাভ করতে পারেনি জাতীয় পাটি।
তিস্তাপারের ভাওয়াইয়া-কারুপণ্য-হাঁড়িভাঙা আম ও শতরঞ্জি পল্লী খ্যাত জাপার ঘাঁটি রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের অবস্থান শক্ত করে ভোটের তাবু স্থাপন করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া দীর্ঘদিনে সেই ঘাঁটিতে প্রবেশ করেছে জামায়াত। রংপুর বিভাগের আট জেলার ৩৩টি আসনের মধ্যে ১৮টিতে জামায়াত ও শরিক দল এনসিপি জয়লাভ করেছে। বিএনপি ১৫টি আসনে বিজয়ী হয়েছে।
রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে ১৮টিতে জামায়াত-এনসিপি
রংপুর ব্যুরো: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনের মধ্যে ১৮টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়লাভ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪টি আসনে বিজয়ী হয়েছে। এছাড়াও স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী প্রার্থী) ১টি আসনে নির্বাচিত হয়েছে। রংপুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার সব কটি আসনে জামায়াত ও শরিক দল এনসিপি প্রার্থী জয়লাভ করেছেন। গাইবান্ধা জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতে জামায়াত ও ১টিতে বিএনপি বিজয়ী হয়েছে।
রংপুর বিভাগের বিজয়ী প্রার্থী ও তাদের দল:
পঞ্চগড়: পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ (বিএনপি)।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), ঠাকুরগাঁও-২ ডা. আব্দুস সালাম (বিএনপি) ও ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান জাহিদ (বিএনপি)।
দিনাজপুর: দিনাজপুর-১ মো. মনজুরুল ইসলাম (বিএনপি), দিনাজপুর-২ মো. সাদিক রিয়াজ (বিএনপি), দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম (বিএনপি), দিনাজপুর-৪ আখতারুজ্জামান মিয়া (বিএনপি), দিনাজপুর-৫ এ জেডএম রেজওয়ানুল হক (স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী),
দিনাজপুর-৬ এজেএম জাহিদ হোসেন (বিএনপি)।
নীলফামারী: নীলফামারী-১ আব্দুস সাত্তার (জামায়াত), নীলফামারী-২ আল ফারুক আব্দুল লতিফ (জামায়াত), নীলফামারী-৩ ওবায়দুল্লাহ সালাফি (জামায়াত), নীলফামারী-৪ হাফেজ আব্দুল মুত্তাকিম (জামায়াত)
লালমনিরহাট: লালমনিরহাট-১ ব্যারিস্টার হাসান রাজিব প্রধান (বিএনপি),লালমনিরহাট-২ রোকন উদ্দিন বাবুল (বিএনপি) ও লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু (বিএনপি)।
রংপুর: রংপুর-১ মো. রায়হান সিরাজী (জামায়াত), রংপুর-২ এটিএম আজহারুল ইসলাম (জামায়াত), রংপুর-৩ অধ্যাপক মো. মাহবুবুর রহমান বেলাল (জামায়াত), রংপুর-৪ আখতার হোসেন (এনসিপি), রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী (জামায়াত) ও রংপুর-৬ অধ্যাপক নুরুল আমিন (জামায়াত)।
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-১ মো. আনোয়ারুল ইসলাম (জামায়াত), কুড়িগ্রাম-২ ড. আতিকুর রহমান মোজাহিদ (এনসিপি), কুড়িগ্রাম-৩ মাহবুবুল আলম সালেহী (জামায়াত) ও কুড়িগ্রাম-৪ মো. মোস্তাফিজুর রহমান (জামায়াত)।
গাইবান্ধা: গাইবান্ধা-১ অধ্যাপক মো. মাজেদুর রহমান (জামায়াত),গাইবান্ধা-২ মো.আব্দুল করিম (জামায়াত), গাইবান্ধা-৩ আবুল কাওছার মোহাম্মাদ নজরুল ইসলাম লেবু (জামায়াত), গাইবান্ধা-৪ শামীম কায়সার লিংকন (বিএনপি) ও গাইবান্ধা-৫ মো. আব্দুল ওয়ারেছ (জামায়াত)।






