ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যাগরিষ্ঠ বিজয়ে হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের পক্ষ থেকে বিজয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) হাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড.মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো. মহিদুল হাসান এর এক স্বাক্ষরিত বিবৃতিতে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

স্বাক্ষরিত বার্তায় বলা হয়, এই বিজয় বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপির বিজয় প্রমাণ করেছে যে গণতন্ত্র, জনগণের অধিকার, জাতীয় সার্বভৌমত্ব এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার জনগণের আস্থা ও সমর্থন অর্জন করেছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এই বিজয় কেবল একটি রাজনৈতিক দলের সাফল্য নয়; বরং শিক্ষা, স্বাধীন চিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য একটি নতুন আশার দ্বার উন্মোচন করেছে। পরিষদ আশা প্রকাশ করেছে, নতুন সরকার শিক্ষাবান্ধব নীতি প্রণয়ন, শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ এবং একটি বিজ্ঞানমনস্ক, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করবে।

জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ প্রত্যাশা ব্যক্ত করেছে যে দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, গবেষণা ও উদ্ভাবনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সরকার ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করবে।

পরিষদ পুনরায় প্রতিশ্রুতি দিয়েছে যে, অতীতের মতো ভবিষ্যতেও তারা দেশ, জাতি ও শিক্ষার স্বার্থে বিএনপির সকল গণতান্ত্রিক ও উন্নয়নমুখী উদ্যোগের পাশে থাকবে।