ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

রাত পোহালেই ভোট: সচেতনতার বিকল্প নেই আপনার ভোট, আপনার দায়িত্ব

আর মাত্র এক রাত। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার এই গুরুত্বপূর্ণ দিনে সবচেয়ে বড় শক্তি ভোটারদের সচেতন অংশগ্রহণ।


নির্বাচন কমিশন জানিয়েছে, সারাদেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি প্রয়োজন ভোটারদের দায়িত্বশীল আচরণ।


ভোটকেন্দ্রে যাওয়ার আগে যা জানা জরুরি


ভোট দিতে যাওয়ার আগে নিজের ভোটার নম্বর ও কেন্দ্র সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কেন্দ্র বা সিরিয়াল না জানার কারণে ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়।


ভোটার তথ্য জানতে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইটে প্রবেশ করা যাবে:
🔗 https://services.nidw.gov.bd�

এছাড়া মোবাইল ফোন থেকে SMS-এর মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।

মেসেজ অপশনে লিখতে হবে:


NID NID নম্বর জন্মতারিখ (DD-MM-YYYY) এবং পাঠাতে হবে ১০৫ নম্বরে।
শেষ মুহূর্তে সার্ভারে চাপ এড়াতে আগেভাগেই তথ্য যাচাই করে রাখা বুদ্ধিমানের কাজ।

ভোট দেওয়ার প্রক্রিয়া: ছোট ভুলে বড় ক্ষতি


ভোটকেন্দ্রে প্রবেশের পর প্রথমেই পোলিং অফিসারকে জাতীয় পরিচয়পত্র বা ভোটার নম্বর দেখাতে হবে। পরিচয় নিশ্চিত হলে আঙুলে অমোচনীয় কালি লাগানো হবে।

এবার ভোটার পাবেন দুটি ব্যালট পেপার:একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। ব্যালট গ্রহণের সময় খেয়াল রাখতে হবে, পেছনে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল রয়েছে কিনা। এটি না থাকলে ভোট বাতিল হতে পারে।
গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে স্পষ্টভাবে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালটটি লম্বালম্বিভাবে ভাঁজ করে নির্ধারিত বাক্সে ফেলতে হবে, যাতে কালি অন্য ঘরে না ছড়িয়ে পড়ে।

যেসব কারণে ভোট বাতিল হতে পারে


নির্বাচনী বিধিমালা অনুযায়ী:একই ব্যালটে একাধিক প্রতীকে সিল দেওয়া, ব্যালটে লেখা বা স্বাক্ষর করা, অস্পষ্টভাবে সিল দেওয়া কিংবা ব্যালটের ভেতরে কোনো বস্তু রাখা হলে সেই ভোট বাতিল হবে। অনেক সময় অজ্ঞতা বা অসতর্কতার কারণে ভোটাররা এই ভুলগুলো করে বসেন। তাই সতর্ক থাকা জরুরি।

আচরণবিধি মানার গুরুত্ব :ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। অস্ত্র বা বড় ব্যাগ বহন, গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার, কিংবা রাজনৈতিক স্লোগান দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যদিকে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দেওয়া এবং নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে পৌঁছানো দায়িত্বশীল নাগরিকের পরিচয়।

একনজরে নির্বাচনী তথ্য


ভোটের তারিখ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সময়: সকাল ৭:৩০ – বিকেল ৪:৩০
ব্যালট সংখ্যা: ২টি (সংসদ নির্বাচন ও গণভোট)
হেল্পলাইন: ১০৫

গণতন্ত্রের শক্তি ব্যালটের মাধ্যমে প্রকাশ পায়। প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি সচেতন ভোটারই পারে একটি নির্বাচনকে অর্থবহ করে তুলতে।


রাত পোহালেই ভোট। নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনার একটি ভোটই হতে পারে ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত।

লেখক: মো:জিসান রহমান
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।