গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ করেছে প্রশাসন। নির্বাচন উপলক্ষ্যে রংপুর মহানগর ও জেলা পুলিশ সদস্যদের পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের নিয়ে পৃথক বৈঠক করেছেন।
প্রশাসন সুত্রে জানা যায়, যে কোনো পরিস্থিতিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচারণা বন্ধ হওয়ার পর মাঠে এক ধরনের নীরবতা নেমে এসেছে।
তবে চায়ের দোকান, বাজার কিংবা মোড়ে মোড়ে এখন আলোচনার বিষয় কেবল ভোট। প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যে যেমন উৎসাহ দেখা যাচ্ছে, তেমনি প্রবীণ ভোটারদের মধ্যেও রয়েছে আগ্রহ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, রংপুরের ৬টি আসনে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রংপুরের ৮৭৩টি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। মাঠে নেমেছেন ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে মাঠে থাকবেন তাঁরা। ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের। কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রকে ঝুঁকির মাত্রা অনুযায়ী সাধারণ, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এই তিন ভাগে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ভোটগ্রহণের আগের রাত থেকেই কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। বসানো হয়েছে সিসি ক্যামেরা। থাকবে বডি ওর্ন ক্যামেরাও। রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্ম্দ এনামুল আহসান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো অনিয়ম বা সহিংসতার সুযোগ দেওয়া হবে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী, বিজিবি সদস্যরাও থাকবেন। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিয়মিত টহল থাকবে। গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।







