ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

যে কারণে ফল প্রকাশ হচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।

সূত্র জানায়, লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ফল প্রকাশের অনুমোদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা থাকলেও সেটি এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি। ফলে আজ ফল প্রকাশের সম্ভাবনা কার্যত নেই।

এর আগে আজ ফল প্রকাশ হতে পারে—এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম এই কাজ সম্পন্ন করে। পাশাপাশি ফলাফল তৈরির কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সব প্রক্রিয়া শেষ করে মন্ত্রণালয়ের অনুমোদন মিললে রোববার ফল প্রকাশের পরিকল্পনা ছিল। তবে তা সম্ভব না হলে আগামী ২০ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি প্রার্থী। পরীক্ষার আগের কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ফলের অপেক্ষায় রয়েছেন হাজারো চাকরিপ্রার্থী। কবে ফল প্রকাশ হবে—তা নিয়ে এখনো স্পষ্ট ঘোষণা না আসায় তাঁদের উৎকণ্ঠা বাড়ছে।