সেনাসদর দপ্তরে বেসামরিক টেলিফোন অপরেটর পদে চাকরির আশায় দুই দফায় আট লাখ টাকা দিয়ে নিয়োগপত্র পান জাকির হোসেন। পরে চাকরিতে যোগ দিতে গিয়ে তিনি জানতে পারেন নিয়োগপত্রটি ভুয়া। এখন সেটি আগলে রেখে টাকা উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন হতদরিদ্র ওই যুবক।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নিয়োগপত্র নিয়ে এ প্রতিবেদকের কাছে বিস্তারিত জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী জাকির।
তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কেবিআই রোড সালাটিয়া মহল্লার মো. শাহজাহান মিয়ার ছেলে।
জাকিরের দাবি, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. নাঈমের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেনাবাহিনীর সদর দপ্তরে বেসামরিক টেলিফোন অপরেটর পদে চাকরি দিতে পারবেন বলে জানান নাঈম। এ জন্য আট লাখ টাকা দাবি করেন তিনি।
একপর্যায়ে একটি ব্লাংক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষরসহ নগদ এক লাখ টাকা অগ্রিম দেন জাকির। কথা হয় বাকি টাকা নিয়োগপত্র হাতে পেয়ে পরিশোধ করার। মাসখানেক পর নাঈম জানান অপরেটরের পদ খালি নেই। এখন অন্য পদে নিয়োগপত্র দেওয়া হবে।
এতে রাজি না হলে অগ্রিম টাকা, ব্লাংক চেক ও স্বাক্ষর করা স্ট্যাম্প বাজেয়াপ্ত হয়ে যাবে। একপর্যায়ে বাধ্য হয়ে রাজি হন জাকির। গত শনিবার (২২ নভেম্বর) ঢাকায় নেওয়া হয় তাঁকে। সেখানে দুই দিন পর সেনা সদর দপ্তরের স্টেশন হেড কোয়ার্টার সিভিল অফিস সহায়ক পদের একটি নিয়োগপত্রের ফটোকপি তুলে দেওয়া হয়। জাকির বলেন, নিয়োগপত্রে লেখা রয়েছে আপনাকে রাজস্ব পদে বেতন স্কেল ৮,২৫০-৫২০৭-১৩৬০০ ইবি ৭২০১১-২০০১০ টাকা এবং অন্যান্য ভাতাসহ নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপত্রের নিচে গত ২০ নভেম্বর মোহাম্মদ গোলাম হুরওয়ার ভূঁইয়া সিনিয়র ফাইন্যান্স কন্ট্রেলার (আর্মি) ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেনাসদর দপ্তর (জেএফসি কোর) ঢাকা সেনানিবাস ঢাকা। এই নিয়োগপত্র নিয়ে যোগদান করতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দেয় তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন। এ অবস্থায় আ্কাশ ভেঙে পড়ে তার মাথায়। পরে টাকা হাতিয়ে নেওয়া ব্যক্তি নাঈমের খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তাছাড়া তার (প্রতারক) ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরগুলোও বন্ধ পাওয়া যায়।
জাকিরের বাবা মো. শাহজাহান মিয়া বলেন, গত ২৪ নভেম্বর ছেলে ঢাকায় অবস্থান করে ফোনে জানায়, নিয়োগপত্র হাতে পেয়ে যোগদান করতে যাবে। তবে বাকি টাকা এখনি পরিশোধ করতে হবে। ওই অবস্থায় ওইদিনই নাঈমসহ দুই ব্যক্তি গফরগাঁও সদরে এসে বাকি সাত লাখ টাকা নিয়ে যান। এরপর থেকেই গা ঢাকা দেয় অভিযুক্তরা।
শাহজাহান মিয়া জানান, তিনি প্রতারকের গ্রামের বাড়িতে গিয়েও তাকে পাননি।
খোঁজ নিয়ে জানা যায়, জাকিরকে নিয়োগপত্র দেন মোহাম্মদ গোলাম হুরওয়ার নামের এক ব্যক্তি। কিন্তু সেনা সদর দপ্তরে ওই নামে কেউ নেই। তাছাড়া অসঙ্গতিপূর্ণ নানা ভাষা সম্বলিত লেখা ও নামের সিলসহ এভাবে নিয়োগপত্র দেওয়া হয় না। এই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া।







