জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মী ওয়েবসাইট তৈরি করেছে জবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্লাব। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ওয়েবসাইটটির।
জানা গেছে, জকসু নির্বাচনকে সামনে রেখে সব প্রার্থীদের নির্বাচনী ইশতেহার, ভাবনা ও পূর্ববর্তী অবদানকে এক প্ল্যাটফর্মে সহজলভ্য করার লক্ষ্যে জবি সিএসই ক্লাবের উদ্যোগে jnucsu.com নামের ওয়েবসাইটটি চালু হয়েছে। এছাড়াও এতে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রোফাইল তৈরি করে সমসাময়িক যেকোনো বিষয়ে ব্লগ লিখতে পারবে। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীদের বিভিন্ন বিষয়ে সরাসরি মতামত জানাতে পারবেন এবং ব্লগের মাধ্যমে নিজেদের মতামত ও প্রত্যাশা প্রকাশ করতে পারবেন।
এ বিষয়ে সিএসই বিভাগের শিক্ষার্থী মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, জবির বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকায় প্রার্থীদের পক্ষে সবার কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ। jnucsu.com এই সীমাবদ্ধতাটিই দূর করতে, সরাসরি প্রার্থী ও ভোটারদের মধ্যে একটি ডিজিটাল সংযোগ তৈরি করে, যা প্রচলিত পোস্টার-নির্ভর প্রচারণারও একটি দারুণ বিকল্প।





