জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো তার লেখা একটি চিঠি পড়ে শোনান। গত আগস্টে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে কিছু বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান।
চিঠিতে শামীমা লেখেন, “আমি কাউকে আঘাত করতে বা সরাসরি কোনো অভিযোগ করতে চাই না। কিন্তু আমি আমার বিবেক, সততা এবং নীতির সঙ্গে আপস করতে পারি না।
রাজশাহীর একজন নারী উদ্যোক্তা শামীমা সম্প্রতি সমালোচনার শিকার হন। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং তার স্ত্রী শাহিন আক্তারের সঙ্গে তার কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শামীমা জানান, তিনি এর আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
সাংবাদিকদের তিনি বলেন, আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে নিয়ে অপবাদ এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। আমার দল থেকে কোনো সমর্থন পাইনি। আমি আমার সামাজিক ও ব্যবসায়িক জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত।
লিখিত অভিযোগে শামীমা আরও জানান, রাজশাহী নগর কমিটি সরাসরি জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। ফলে জেলা নেতারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
তিনি আরও অভিযোগ করেন যে রাজশাহীতে দলকে বিভক্ত করার চেষ্টা চলছে এবং তাকে ব্যক্তিগতভাবে হেয় করা হয়েছে।






