উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি।
শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ছাত্র জোনায়েব ইসলাম মাহি সফলতার সাথে উত্তীর্ণ হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে।
পরে ছেলের সফলতা নিজ ফেসবুকে একটি পোস্ট দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে ছাত্রদল নেতা শাহজাহান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের ছবিসহ একটি পোস্ট শেয়ার করেন।
সেখানে তিনি ক্যাপশনে লেখেন— “আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।”
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান বলেন, ২০১৮ সালের পর নতুন করে জেলা ছাত্রদলের কোনো কমিটি হয়নি। যেহেতু দলের দুঃসময় ছিল। তাই বলে ছাত্রদল নেতার পরিবারের সদস্যের সাফল্যে ফেসবুকে লেখা যাবে না। না তাদের সংসার নেই?
এদিকে, জেলা পর্যায়ের একজন শীর্ষ ছাত্রনেতার সন্তান এইচএসসি পাস করার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
পরে গতকাল রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় মেয়াদোত্তীর্ণের কারণ দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা জেলা এবং মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই উক্ত ইউনিটগুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।বাংলাদেশ বিনিয়োগ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। পরে জেলা ছাত্রদলের আর কোনো কমিটি গঠন করা হয়নি।





