শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিয়ো ছড়ানোর অভিযোগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানকে শাস্তিমূলক ছুটিতে পাঠিয়েছে ট্রাস্টি বোর্ড। গত ৫ অক্টোবর থেকে তার ছুটি কার্যকর হয়েছে। একই সঙ্গে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে জানানো হয়েছে।
সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মেহেদী হাসান খান তার কার্যালয়ে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে ডেকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমানের কয়েকটি মন্তব্যসংবলিত একটি ভিডিয়ো প্রচারিত হয়েছে। এতে সরকার ও সাবেক সরকারপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এদিকে পরিচালক জেসমিন পারভীনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউসিজি) সদস্য মৌখিক নির্দেশ দেন, যেনো উপাচার্য অধ্যাপক ড. শামস রহমানকে অবিলম্বে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড জরুরি সভা করে অধ্যাপক শামস রহমানকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়।






