ঢাকা | বুধবার, ৭ অক্টোবর ২০২৬,২২ আশ্বিন ১৪৩৩

বিক্ষোভে উত্তাল মুম্বাই, সিইসির পদত্যাগের দাবিতে একাট্টা দুই ‘ঠাকরে’

ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। রোববার (৪ অক্টোবর) মুম্বাইয়ে তাদের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মুম্বাইয়ের মেট্রো সিনেমা থেকে শুরু হওয়া ‘বিরাট গর্জন মোর্চা’ শীর্ষক মিছিলটি বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সদরদপ্তর অতিক্রম করে। মিছিলে কংগ্রেস এবং শারাদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপির (এসপি) শীর্ষ নেতারাও অংশ নেন।

হাজার হাজার সমর্থকদের উদ্দেশে রাজ ঠাকরে বলেন, ‘মহারাষ্ট্রে এসআইআর প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। দেশে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ বন্ধ করে পুনরায় ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণে ফিরে যাওয়া উচিত।’

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণের পর বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ২০১৭-১৮ সাল থেকেই বলে আসছি যে এখানে বড় ধরনের কোনও গড়মিল রয়েছে। হঠাৎ করে এভাবে ভোটারের সংখ্যা কমে যেতে পারে না।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের ক্ষোভ এই সরকার কীভাবে এবং কোন উপায়ে চালানো হচ্ছে তা নিয়ে। কারা ক্ষমতায় থাকবে তা নির্বাচন কমিশন ঠিক করে দেবে না, জনগণই তা নির্ধারণ করবে।’

অন্যদিকে শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে বলেন, প্রধান নির্বাচন কমিশনার জনগণের ‘ভোটাধিকার কেড়ে নিয়েছেন’। তার প্রশ্ন, ‘যদি এসআইআর কার্যক্রমের উদ্দেশ্য ভোটার তালিকা থেকে বাংলাদেশিদের অপসারণ করা হয়ে থাকে, তবে আপনারা কতজন বাংলাদেশি খুঁজে পেয়েছেন?’