ঢাকা | বুধবার, ৮ জুলাই ২০২৬,২৪ আষাঢ় ১৪৩৩

বাড়ির ওপর ট্রাক উল্টে স্কুলছাত্রী নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ওপর উল্টে পড়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার বোন।

রোববার রাতে নলদী খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলদী পুলিশ ফাঁড়ির এএসআই আনিচুজ্জামান জানিয়েছেন।

নিহত ১৪ বছর বয়সী শামীমা আক্তার সেতু ওই এলাকার হাফিজার মোল্যার মেয়ে এবং স্থানীয় নলদী বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহত তার ছোট বোন ১২ বছর বয়সী মিতু খানমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এএসআই আনিচুজ্জামান বলেন, পাথরবোঝাই ট্রাকটি নলদী খালপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের বাম পাশের একটি বাড়ির ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় সেতু ও তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎকরা সেতুকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে জানিয়ে এএসআই বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।