ঢাকা | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেখ হাসিনাকে আমরা ফেরত চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশে ফিরে (শেখ হাসিনাকে) মামলা মোকাবিলা করার আহ্বানও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফিরে আসা কথা জানিয়েছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরাতো তাকে (শেখ হাসিনা) ফেরত চাই, আইনিভাবে চাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে চুক্তি অনুসারে অনুরোধ করেছি শেখ হাসিনাকে ফেরত চাই। আমরা চাই তিনি (শেখ হাসিনা) মামলা ফেস করুক।

একদিন আগে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গ ও পুশব্যাক নিয়ে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী বক্তব্যের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গে যা হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির কথা জানান তিনি।

এদিকে পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দ্রুততম সময়ে দেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। যে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্তও নিয়েছে আইন মন্ত্রণালয়। এসব মামলার রায় দ্রুত কার্যকর করতে উচ্চ আদালতের প্রতি আহ্বান জানাবে সরকার।