দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আগের দেয়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, চলমান বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের বেশ কয়েকটি বিভাগে কালবৈশাখী ঝড় আরও তীব্র হতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ দমকা হাওয়ার তীব্রতাও বেশি থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
শুধু ঝড়ই নয়, আগামী কয়েকদিন ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদদের মতে, ৯৬ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষভাবে সতর্ক করা হয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোকে। সেখানে ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হওয়ার প্রবণতা এখনও সক্রিয় রয়েছে। ফলে এই ধরনের ঝড়ো আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।





