ঢাকা | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,১৬ বৈশাখ ১৪৩৩

সীমান্তে আটক ২ শিক্ষার্থীকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার দীর্ঘ ৮ ঘণ্টা পর দুই বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা দুই শিক্ষার্থী হলো- পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। তারা দুজনেই রশেয়া উচ্চবিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গতকাল রাতে ইন্দ্র ও উদয় তাদের বোনের বাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১০টার দিকে তারা সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্তের মেইন পিলার ৪১৭-এর ৯ নম্বর সাব পিলারের কাছে ছবি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত তারা ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এরপর বিকেলে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির কাছে বুঝিয়ে দেয়া হয়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাদের ফেরত আনতে সক্ষম হয়েছি।

গড়িনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির সিও’র ঐকান্তিক প্রচেষ্টা এবং দ্রুত যোগাযোগের কারণেই আজ বিকেলেই আমাদের ছেলেরা ঘরে ফিরতে পেরেছে।