পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অবৈধ পলিথিনের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে মোংলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশিন আরিফ।
রবিবার (১৯ এপ্রিল) এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা পৌর এলাকার ৩ টি ব্যবসা প্রতিষ্ঠান এবং এক ব্যবসায়ীর বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে পলিথিন বিক্রি ও মজুদের অভিযোগে রাকিবুল এন্টারপ্রাইজের প্রোপাইটর বাবুল মোল্ল্যার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১৫০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয় এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া একই অপরাধে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাব্বির সরদারকে ২০০০ টাকা এবং মো. সেলিমকে ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন উদ্ধারকৃত প্রায় ১৫৫০ কেজি অবৈধ পলিথিনের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৪২ হাজার টাকা। জব্দকৃত এসব পলিথিন পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওশিন আরিফ জানান, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি মাটির উর্বরতা নষ্ট করে, পানি নিষ্কাশন ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে এবং জলাবদ্ধতা সৃষ্টি করে। এছাড়া নদী-খাল ও জলাশয়ে জমে পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলে।
তিনি আরও বলেন, “অবৈধ পলিথিন উৎপাদন, বিক্রি ও মজুদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেন আইন মেনে বৈধ বিকল্প ব্যবহার করেন।”
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং ভবিষ্যতেও অবৈধ পলিথিনের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।






