মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম তাগাদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক তাগাদ পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবিরের নেতৃত্বে পুলিশের একটি দল নয়াবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে তাগাদকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির ইয়াবাসহ যুবক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।






