ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায় বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১৯

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নং সোনাতলা গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, নির্বাচনী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোনাতলা এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে জামায়াতে ইসলামীর সাব্বির, তরিকুল, সোবহান, নাজমা ও ফরিদাসহ মোট ১৫ জন আহত হন।

অন্যদিকে, বিএনপির রফিকুল ও ছিদ্দিকসহ ৪ জন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে এই হামলার বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

ঘটনার পর থেকে পুরো সাউথখালী ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ওই এলাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি সাময়িকভাবে কমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যেকোনো ধরনের বড় সহিংসতা এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।