গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে দেশের প্রথম অনার স্মার্টফোন সংযোজন প্ল্যান্ট চালু করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানায় ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত প্রথম স্মার্টফোন হিসেবে সংযোজন করা হচ্ছে ‘অনার এক্স৬সি’ মডেলটি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্ল্যান্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, স্মার্ট টেকনোলজিস ও অনার গ্লোবালের উচ্চপদস্থ কর্মকর্তারা।
‘অনার এক্স৬সি’ ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৯৯০ টাকা, যা আগের আমদানি করা সেটের সমান। তবে বাজারে এখনো কিছু অবৈধ বা আনঅফিশিয়াল সেট পাওয়া যাচ্ছে ১,০০০ থেকে ১,৫০০ টাকা কম দামে।
দাম না কমার কারণ জানতে চাইলে স্মার্ট টেকনোলজিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গিয়ে তারা আগের ফোনগুলো লোকসানে বিক্রি করেছেন।
তিনি আরও জানান, পরবর্তী মডেলগুলো আসলে ধীরে ধীরে দাম কমতে পারে।
প্রাথমিকভাবে ১৫,০০০ ইউনিট ফোন সংযোজন করা হয়েছে। কারখানাটি পুরোপুরি চালু হলে দৈনিক ৬০,০০০ ইউনিট ফোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এখন একটি প্রোডাকশন লাইন চালু রয়েছে, কয়েক মাসের মধ্যে আরও লাইন যুক্ত হবে। তখন ৫০০ জনের বেশি মানুষের কর্মসংস্থান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই প্ল্যান্ট দেশের ডিজিটাল রূপান্তরের একটি বড় ধাপ। সরকার স্মার্টফোন আমদানিতে শৃঙ্খলা আনতে শিগগিরই এনইআইআর ব্যবস্থা চালু করবে এবং শুল্ক কাঠামো সংশোধন করে স্থানীয় উৎপাদকদের সহায়তা করবে।
অনার সাউথইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জর্জ ঝেং নতুন এই কারখানাটিকে আন্তর্জাতিক অভিজ্ঞতা আর স্থানীয় দক্ষতার মিলনস্থল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এটি শুধু একটি প্ল্যান্ট নয়, বরং একটি অংশীদারিত্বের প্রতীক—যেখান থেকে দক্ষতা, প্রযুক্তি ও কমিউনিটির অগ্রগতি একসঙ্গে এগিয়ে যাবে।






