আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য কিংবা যে কোনো ধরনের ম্যানিপুলেশন ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় কাজ করবে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক।
বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে টিকটক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠক শেষে এ কথা জানান টিকটকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস হেড ফেরদৌস মুত্তাকিম।
তিনি বলেন, নির্বাচনকে ঘিরে প্ল্যাটফর্মে অপব্যবহার রোধে টিকটকের বহুজাতিক বিশেষজ্ঞ দল এরই মধ্যে বাড়তি নজরদারি ব্যবস্থা নিয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনকে আশ্বস্ত করা- যে টিকটক কোনোভাবেই নির্বাচনপ্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করতে দেবে না।






