রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় এক গৃহবধূকে মারধর, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ঘরে আটকে রাখার ঘটনা ঘটেছে। এই অভিযোগে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার। অভিযুক্ত স্বামী অনিন্দ্য পালের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে।
থানায় দায়ের করা জিডিতে ভুক্তভোগীর বাবা খুশি বর্মন অভিযোগ করেন, পারিবারিকভাবে বিয়ের পর থেকেই অনিন্দ্য পাল তার মেয়ে মনিষা বর্মনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। একপর্যায়ে তাকে মারধর করে আহত করা হয় এবং তার হাতে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। এতে মনিষা গুরুতর শারীরিক যন্ত্রণা ও মানসিক চাপে পড়েন।

জিডিতে আরও বলা হয়, মারধোর ও নির্যাতনের পর মনিষাকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখা হয় এবং পরিবার বা বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে না পারে সে জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে রাখা হয়। দীর্ঘ সময় আটকে থাকার কারণে তিনি আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে পরিবারের অভিযোগ।
এ বিষয়ে খিলগাঁও থানা পুলিশ জানায়, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা রেকর্ডসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।





