মোবাইল প্রযুক্তি কিছুই ছিলোনা
আশির দশকের দিকে
তারপরও জীবন চলতো ভালোই
সবাই ছিলো খুব সুখে।
ডিজিটাল যুগে ঝামেলা বেড়েছে
সুবিধাও বেড়েছে সাথে
এমন কাউকে খুঁজে পাওয়া দায়
মোবাইল নাই যার হাতে।
যোগাযোগ এখন আগের চাইতে
মোবাইল করেছে সহজ
এই মোবাইলই অগণিত মানুষের
ধ্বংস করে দিয়েছে মগজ।
মোবাইলের কারণে বন্ধু পেয়েছে
হারানো বন্ধুদের খোঁজ
মোবাইলের জন্য ভাঙছে সংসার
কতোই না হররোজ।
ইউটিউব টুইটার ফেইসবুক যতো
মানুষের কল্যানেই তৈরি
নষ্ট লোকজন সামাজিক মাধ্যমে
নোংরামি করে ছড়াছড়ি।
কোন্ ব্যবসায় যে সিন্ডিকেট নেই
কেউ পারবে না বলতে
মোবাইলের কল্যাণেই এই অবস্থা
কে চায় এ সুযোগ ছাড়তে?
প্রযুক্তির সুবিধায় দেশের জনগণ
ঘরে বসেই সেবা পায়
এই প্রযুক্তির সুবাদেই দেশের অর্থ
অন্য দেশে চলে যায়।
প্রযুক্তির সুবাদে হাজারো মানুষের
প্রত্যাশা হয়েছে পূরণ
এই প্রযুক্তিই আবার কত মানুষের
হয়েছে ধ্বংসের কারণ।
এই প্রযুক্তিই আবার কত লোককে
পথ দেখিয়েছে আস্থার
এই প্রযুক্তিই আবার কত লোককে
ফকির করেছে রাস্তার।
মোবাইলের কোনোই দোষ দেখি না
মোবাইল তো একটা যন্ত্র
দোষ যতো হলো সেই মানুষগুলোর
যাদের ভিতর ভরা কুমন্ত্র।







