চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কোনো প্যানেল ঘোষণা করছে না বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (বাগছাস)। সংগঠনের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার কোনো প্যানেল গঠন করছে না। তবে সংগঠনের কিছু নেতা-কর্মী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানা গেছে।
সংগঠনের মুখ্য সংগঠক সাব্বির হোসেন রিয়াদ বলেন, “আমাদের আহ্বায়ক মুনতাসির, সদস্য সচিব আল মাসনুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া মিথিলা—কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তাই বাগছাসের পক্ষ থেকে কোনো প্যানেল হবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। তবে ব্যক্তিগতভাবে কেউ চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন।”
অন্যদিকে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক উলফাতুর রহমান রাকিব জানান, আমি এই কমিটি থেকে পদত্যাগের আবেদন করেছি। আমার কাছে ইতোমধ্যে পদত্যাগপত্রও চাওয়া হয়েছে। তাই আর এই কমিটিতে থাকছি না। তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চাকসু নির্বাচনে অংশগ্রহণ করব।”
এ বিষয়ে সংগঠনের সদস্য সচিব আল মাসনুন বলেন, আমরা সাংগঠনিকভাবে কোনো প্যানেল দিচ্ছি না। তবে আমাদের সংগঠনের কেউ চাইলে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন, সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
শেষ দিনে ভিড় মনোনয়ন সংগ্রহে
এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের ভিড় সামাল দিতে সময়সীমা বাড়ানো হয়।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন,“সাড়ে ৩টার মধ্যে মনোনয়ন নেওয়ার শেষ সময় থাকলেও শিক্ষার্থীদের চাপ বিবেচনায় প্রয়োজনে রাত পর্যন্ত অফিস খোলা থাকবে। যেন কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয়।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
নির্বাচন তফসিল
তফসিল অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।





