রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন শিবিরের রাবি শাখার সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম।
ঘোষণা অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবি শাখার সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকছেন রাবি সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্কের সভাপতি সালমান সাব্বির।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে শাহিন আলম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান জোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাঈদা হাফসা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জাহান, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে আসাদুল্লাহ গালিব প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তাছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে হাসান, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হামিদুল্লাহ নাঈম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মুরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আ. আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাফি এবং কার্যনির্বাহী সদস্য পদে কামালি, সুজন চন্দ্র, খালেদ ও দ্বীপ মাহবুব মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে রোববার সকালে রাকসু নির্বাচনের জন্য নিজেদের প্যানেল ঘোষণা করে রাবি শাখা ছাত্রদল। সেখানে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন সংগঠনটির রাবি শাখার সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) পদে দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।





