ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশনের তথ্যমতে, মোট ৪৭১ জন প্রার্থী এবারের ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন ও পুরুষ প্রার্থী ৪০৯ জন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নবাব নওয়াব আলী সিনেট ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন।

কমিশনের তথ্যমতে, খসড়া প্রার্থী তালিকায় মোট প্রার্থী ছিলেন ৫০৯ জন, এর মধ্যে আপিল করেনি ৩৮ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে লড়বেন ২৫ জন প্রার্থী।

এছাড়া, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ১৭, বিজ্ঞান ও প্রযুক্তি ১২ জন, কমনরুম ১১ জন, স্বাস্থ্য ১৫ জন, ক্যারিয়ার ১৫, সমাজসেবা ১৭ জন, ছাত্র পরিব হন ১২ জন, ক্রীড়া ১৩ জন, গবেষণা ও প্রকাশনা ৯ জন, সাহিত্য ও সাংস্কৃতিক ১৯ জন, আন্তর্জাতিক ১৪, মানবাধিকার ১১ জন, সদস্য ২১৭ জন।

নারী প্রার্থী ৬২ জনের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন, এজিএস পদে ৪ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে ২ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে একজন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ৯ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৩ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ২ জন, সমাজসেবা সম্পাদক পদে একজন, ক্রীড়া সম্পাদক পদে একজন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সাহিত্য ও সংস্কৃতিক পদে ২ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ৩ জন এবং সদস্য পদে ২৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, হল সংসদের তথ্যগুলো আমরা পাইনি। হলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজ সকালে আমরা ভিপ জিএস এজিএস দের আমন্ত্রণ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়ে প্রচারণা শুরুর কথা বলেছি। প্রার্থীরা ক্যাম্পাসে তাদের প্রচার কার্যক্রম শুরু করেছেন।

ভোটকেন্দ্র বাড়ানো হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা এসব বিষয়ে কথা বলেছি, ভোট কেন্দ্রগুলোও পরিদর্শন করেছি। আমাদের ৮টি কেন্দ্রে ভোট সম্পন্ন হয়ে যাবার কথা। তবে এটাই শেষ কথা নয়। যদি প্রয়োজন হয় আমরা ভেবে দেখব।

রিটার্নিং অফিসার গোলাম রাব্বানী বলেন, ভোটার কেন্দ্রের ভেতরে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে সেনাবাহিনী থাকবে। তারা নিয়মিত কাজের জন্য নিয়োজিত নয়। ভোট গণনার সময় ভেতরে রিটার্নিং অফিসার ও দায়িত্বপ্রাপ্তরা ছাড়া কেউ থাকবে না।

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙার বিষয়ে তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।